‘সিলেটের মানুষ বন্যায় হাবুডুবু খাচ্ছে আর আ.লীগ লুটপাটের উৎসব করছে’
সিলেটের মানুষ যখন বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন আওয়ামী লীগ লুটপাটের উৎসব করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। আজ শনিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে প্রবাসী অনলাইন বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত বন্যার্ত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেটের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে আর আওয়ামী লীগ লুটপাটের উৎসব করছে। শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেট যখন বিপর্যস্ত, তখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বন্যার্ত মানুষদের পাশে নেই। জনগণের এই দুঃসময়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপিই সবচেয়ে বেশি জনগণের পাশে আছে। তাই জনবিচ্ছিন্ন এই সরকারকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। কিন্তু সরকার তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছেন না তাঁরা। সরকারের মন্ত্রীরা সারা দিন জিয়া পরিবারের সমালোচনায় ব্যস্ত। তার একটিই কারণ, তাঁরা খালেদা জিয়া, তারেক রহমানসহ জিয়া পরিবারকে ভয় পান। তারেক রহমান দেশে ফিরলে তাঁরা পালাবার পথ খুঁজে পাবেন না।’
জেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা তোফায়েল আহমদের সঞ্চালনায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া ও জেলা বিএনপির নেতা ওজি মোহাম্মদ কায়সার বক্তব্য দেন।
এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আনহার মিয়া, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজু আহমদ, বিএনপি নেতা এমাদ উদ্দিন, আবদুল খালিক, গিয়াস উদ্দিন, বেলাল আহমদ মাস্টার, রেকল আহমদ, শামীম আহমদ, আবদুল করিম, আজিজুল হক, দক্ষিণ আফ্রিকা বিএনপির নেতা সাইফুল ইসলাম, জেলা সাংস্কৃতিক দলের সদস্যসচিব রায়হান হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাহাত চাকলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ, ছাত্রদল নেতা আজমল হোসেন, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।