সিলেটের শাহি ঈদগাহে প্রধান জামাত সাড়ে আটটায়, থাকবে চার স্তরের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহি ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায়।
ছবি: প্রথম আলো

সিলেট মহানগর এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪৪৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শাহি ঈদগাহ মাঠে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর উন্মুক্ত জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উন্মুক্ত জায়গায় ঈদের জামাত আয়োজনে কোনো বাধা নেই।

সিলেটের শাহি ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায়। এ ছাড়া সিলেট আলিয়া মাঠে সকাল আটটায় ‘আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট’-এর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিলেটের বন্দরবাজার এলাকার হাজি কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত, সাড়ে আটটায় দ্বিতীয় জামাত ও সাড়ে নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কালেক্টরেট জামে মসজিদের পক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল নয়টায় ও সকাল সাড়ে আটটায় শাহপরান (রহ.) মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ মাঠ
ছবি: আনিস মাহমুদ

ঈদ জামাতকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ। তিনি প্রথম আলোকে বলেন, ভোর সাড়ে ছয়টা থেকে সিলেট মহানগর এলাকার বিশেষ বিশেষ ঈদ জামাতের স্থানগুলোতে পুলিশি পাহারা শুরু হবে। এর মধ্যে ঈদগাহ প্রাঙ্গণের ভেতরে, ফটকে, বাইরে পুলিশের নিরাপত্তাব্যবস্থা থাকবে। এ ছাড়া বাইরে সাদাপোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি থাকবে। তিনি আরও বলেন, পুলিশের সর্বোচ্চ নিরাপত্তায় জেলার ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে।