সিসি ক্যামেরায় কালো কাপড় দিয়ে কমলগঞ্জে বাড়িতে চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় কালো কাপড় দিয়ে ঢেকে পেছনের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে উপজেলার শমশেরনগর ইউনিয়নের সিংড়াউরী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকায় চোরচক্র বাড়ির তিনটি কক্ষের সব কটি আলমারি, ওয়ার্ডরোব, ড্রয়ার ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
বাড়ির মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমরজিৎ স্বর্ণকার প্রথম আলোকে বলেন, বছরখানেক আগে তাঁর মা মারা গেছেন। তাঁর বড় ভাই ঢাকায় চাকরি করায় স্ত্রী-সন্তান নিয়ে তিনি সেখানে থাকেন। আর তিনি (সমরজিৎ) প্রাথমিকের প্রশিক্ষণ নিতে মৌলভীবাজার পিটিআই প্রশিক্ষণকেন্দ্রে ছিলেন। এ সুযোগে একদল চোর মুখোশ পরে বুধবার ভোর চারটার দিকে তাঁদের বাড়িতে এসে প্রথমে সিসিটিভি ক্যামেরায় কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। বাড়ির তিনটি কক্ষের সব কটি আলমারি, ওয়ার্ডরোব ও ড্রয়ার ভেঙে কাপড়চোপড় ও অন্যান্য সামগ্রী প্রথমে তছনছ করে। পরে আলমারিতে রাখা পাঁচ ভরি স্বর্ণালংকার ও পারিবারিক কাজের জন্য রাখা লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
সমরজিৎ জানান, এ ঘটনা শুনে তিনি সকাল নয়টায় মৌলভীবাজার থেকে শমশেরনগরে আসেন। খবর পেয়ে সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়িতে কেউ ছিলেন না জেনেই চোরচক্র পরিকল্পিতভাবে আধুনিক কায়দায় চুরি করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরদের ধরার জন্য পুলিশের কাছে দাবি জানান তিনি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল আহমেদ বলেন, ওই বাড়িতে এখন কেউ থাকছেন না জেনে এবং পরিকল্পিতভাবে চুরি করা হয় বলে তাঁর ধারণা। সিসিটিভি ক্যামেরা বন্ধের আগের কিছু ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। তাঁর বিশ্বাস, সিসি ক্যামেরার ফুটেজ ধরেই চোরদের ধরা যাবে। তা ছাড়া চুরির ঘটনায় এলাকার কেউ কেউ জড়িত থাকতে পারেন বলে তিনি জানান।