সীতাকুণ্ড: সমস্যা ও সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ অক্টোবর প্রথম আলোর আয়োজনে ‘সীতাকুণ্ড: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়ত​েন অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো

গোলটেবিল বৈঠক
গোলটেবিল বৈঠক

আলোচনা

বিশ্বজিৎ চৌধুরী: প্রথম আলোর পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় সীতাকুণ্ডে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে এই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি রয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। আপনারা সীতাকুণ্ডের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। সমস্যা থেকে উত্তরণে করণীয় দিকগুলো তুলে ধরবেন। আলোচনার বিষয়বস্তু আমরা পাঠক ও নীতিনির্ধারণী মহলের কাছে তুলে ধরব।

সাইফুল মাহমুদ: জাহাজভাঙা শিল্পকারখানায় নিয়োজিত শ্রমিকদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়।

গত জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত জাহাজভাঙা শিল্পে কর্মরত থাকা অবস্থায় ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের কেউই প্রশিক্ষণপ্রাপ্ত নন। তবে প্রশিক্ষণ শুরু হওয়ার পর থেকে এই হার কমে এসেছে।

জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনার তথ্য খুব সহজে সংগ্রহ করা যায় না। তথ্য সংগ্রহের সময় ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। পাওয়া যায় না মালিকদের। অনেক সময় ফেরত আসতে হয়। তা ছাড়া শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামেরও অভাব রয়েছে। অনেককে সরঞ্জাম দেওয়া হলেও সচেতনতার অভাবে তাঁরা তা ব্যবহার করেন না। অনেক মালিক আবার নিরাপত্তা সরঞ্জাম দেন না। যদি কর্মক্ষেত্রে সরঞ্জাম ব্যবহার করা হয়, তাহলে শ্রমিকদের জন্য সুবিধা হবে। সীতাকুণ্ডে বর্তমানে ২২টি জাহাজভাঙা ইয়ার্ড চালু আছে। এসব ইয়ার্ডের প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকের সংখ্যা কম। তাঁদের প্রশিক্ষণ দিয়ে কাজ করালে দুর্ঘটনা এড়ানো যেত।

জরিনা আখতার: দেশের গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর মধ্যে একটি হচ্ছে সীতাকুণ্ড। অন্যান্য উপজেলা থেকে এখানকার সমস্যা আলাদা।

উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি হচ্ছে যাতায়াতব্যবস্থা। এখানে পর্যাপ্ত বাস সার্ভিস নেই। এখান থেকে চট্টগ্রাম শহর ও অন্যান্য উপজেলায় আসা-যাওয়া করা খুব কঠিন। গাড়ির জন্য প্রায় সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। তা ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সড়কগুলোতে বাজার বসে। এতে তাদের চলাচলে সমস্যা হয়। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

সীতাকুণ্ডে শিক্ষাপ্রতিষ্ঠানের মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এই উপজেলায় পর্যাপ্ত মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কম। এখানে অনেক জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ ছাড়া খাসজমি দখল হয়ে গেছে। এখান থেকে জায়গা উদ্ধার করে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা যেতে পারে।

শিক্ষার্থীদের মানসিক বিকাশের দিকটি ভাবার আছে। এলাকার বিভিন্ন সীমানাপ্রাচীরে আপত্তিজনক বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। একজন শিক্ষক হিসেবে তা আমার জন্য লজ্জাজনক। আমরা শিক্ষার্থীদের মনের খোঁজ রাখছি না। তাদের মানসিক বিকাশের সুযোগ নেই। একসময় এই অঞ্চলে প্রচুর শিশু-কিশোর সংগঠন সক্রিয় ছিল। এখন এই সংখ্যা সীমিত হয়ে পড়েছে।

এ এস এম আবদুল মোমেন: এই উপজেলার ওপর দিয়ে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের পাশেই স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান। এতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ চলাচল করে। কিন্তু কোনো গতিনিরোধক (স্পিড ব্রেকার) নেই। রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় রোগী মারা যায়।

এ ছাড়া এই মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু এখানে কোনো ট্রমা সেন্টার নেই। একটি ট্রমা সেন্টার চালু করা হলে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বাসিন্দারা উপকৃত হতেন।

আর দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যাপারে ড্রাগ অ​েথারিটি চাইলে কিছু করতে পারে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো একই মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের অধিদপ্তর ভিন্ন। ১০টি ইউনিয়ের একটি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে আছে, বাকিগুলো পরিবার-পরিকল্পনা অধিদপ্তর নিয়ন্ত্রণ করে। অধিদপ্তরই সেখানে ওষুধ ও জনবলের ব্যবস্থা করে। সেখানে আরও আনুষঙ্গিক সুবিধা দেওয়া দরকার। ভবিষ্যতে এখানের সেবার মান বাড়াতে আলোচনা করা যেতে পারে।

মাহবুবুর রহমান: চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে হয় এই উপজেলার ওপর দিয়ে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থাপনা এখানে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই রয়েছে ইকোপার্ক ও সৈকত। সম্ভাবনার বিশাল সুযোগ আছে এখানে। জনপ্রতিনিধিরা বিষয়টি ভেবে দেখতে পারেন। পরিকল্পিতভাবে যদি এই অঞ্চলকে সাজানো যায়, তাহলে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পর্যটকদের আকর্ষণ করার জন্য পদক্ষেপ নিতে হবে।

সীতাকুণ্ডের অন্যতম বড় সমস্যা বেড়িবাঁধের ভাঙন। ফৌজদারহাট পর্যন্ত বাঁধ নেই। জমিতে সমুদ্রের পানি চলে আসে। জমি তলিয়ে যায়। জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকার ঘরবাড়ি নষ্ট হচ্ছে।

পরিবেশদূষণও এই অঞ্চলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। যত্রতত্র কলকারখানা গড়ে উঠছে। অপরিকল্পিতভাবে জাহাজভাঙা ইয়ার্ড নির্মিত হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কারণে অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। আবার রাজনৈতিক কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। উপজেলার সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ জন্য রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সীতাকুণ্ড সারা দেশের দৃষ্টান্ত হবে।

আবদুল্লাহ আল মামুন: সীতাকুণ্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে কী নেই? বন, পাহাড়, সৈকত, বিভিন্ন ধরনের শিল্পকারখানা, জাহাজভাঙা ইয়ার্ড। এই উপজেলায় যে পরিমাণ শিল্পকারখানা রয়েছে, তা দেশের অনেক জেলায়ও নেই। তবে সমস্যা ও চ্যালেঞ্জ যেখানে বেশি, সেখানে সমাধানের সুযোগও বেশি।

এখানকার পাহাড়গুলো ইউনিক। এসব পাহাড় তো কাটলে দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। এ ছাড়া পাহাড় তৈরি করা যায় না। পাহাড় কাটার বিষয়টি খুবই কঠোরভাবে তদারকি করা হচ্ছে। পাহাড় কাটার জন্য ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে। তবে এটি স্থায়ী কোনো সমাধান নয়। পাহাড় কাটা রোধে স্থানীয় পর্যায় থেকে তদারকি করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সবাইকে মিলে কাজ করতে হবে। পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে তা রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে পাহাড় কাটা কমবে। এ ধরনের একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জাহাজভাঙা শিল্প পরিবেশবান্ধব নয়। এখানে নানাবিধ রাসায়নিক দূষণ হয়ে থাকে। বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস রয়েছে এখানে। এর থেকে বের হওয়া সম্ভব নয়। আমরা বিশ্বাস করি, এই শিল্প সারা জীবন এখানে থাকবে না। ২০১০-১৪ সাল পর্যন্ত ক্রমাগতভাবে জাহাজভাঙার হার কমছে। এখন ৩৪টি জাহাজ কাটার অপেক্ষায় রয়েছে।

পাশের উপজেলায় ইকোনমিক এক্সক্লুসিভ জোন হচ্ছে। এর ইতিবাচক প্রভাব পড়বে এখানে। এখন থেকে এর ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করতে হবে। সীতাকুণ্ডের সার্বিক উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে।

মোহম্মদ সাইফুল ইসলাম: সীতাকুণ্ড উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সন্তোষজনক। ইতিমধ্যে এই অঞ্চলের অনেক অপরাধ নির্মূল করা সম্ভব হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বাজার, জাহাজভাঙা ইয়ার্ড ও শিল্পকারখানার যন্ত্রপাতি রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। উপজেলার কিছু কিছু এলাকায় অপরাধ প্রবণতা রয়েছে।

মহাসড়কে যানজট হলে অলিগলি থেকে এসে আক্রমণ করে। বড় বাসে আক্রমণ করে সুবিধা করতে না পারলেও ছোট ছোট যানবাহনে লুটপাট চালায়। তাদের অনেকে গাড়ি করে ঘুরে বেড়ায়। জিজ্ঞাসাবাদ করলে নিজেদের শ্রমিক ও যাত্রী পরিচয় দেয়। অতীতের বড় ডাকাতেরা এই কাজে যুক্ত না হয়ে শিশুদের ব্যবহার করছে। তাদের ২০০ থেকে ৫০০ টাকায় ব্যবহার করা যায়।

এখানকার মানুষের মধ্যে সহযোগিতার অভাব রয়েছে। তঁাদের মধ্যে অপরাধ প্রতিরোধ করার মানসিকতা নেই। এখানে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার অভাব রয়েছে। এই সমস্যাগুলো উত্তরণ করা প্রয়োজন।

মো. আলাউদ্দীন সাবেরী: উপজেলার যোগাযোগ অবকাঠামো যেভাবে হওয়ার কথা ছিল তা হয়নি। অভ্যন্তরীণ সড়কগুলোর খারাপ অবস্থা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কারণে এখানে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। তবে চট্টগ্রাম বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত বিকল্প সড়ক হওয়ায় যানজট কিছুটা কমেছে।

উপজেলার আইনশৃঙ্খলার সমস্যা শুধু পুলিশ দিয়ে সমাধান করা সম্ভব, আমি তা মনে করি না। কেননা পুলিশের পক্ষে সব গাড়ি তল্লাশি করা সম্ভব নয়। এ জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ব্যাপারে আমাদের কাজ করতে হবে।

সীতাকুণ্ডে ক্রমাগত পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় পাহাড় কাটা হচ্ছে। আবার প্রশাসনের সহযোগিতা ছাড়া পাহাড় কাটা সম্ভব হয় না। আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। পাহাড়ের ওপর বসত নির্মাণ করেছি। পাহাড় কাটার নেতিবাচক দিকগুলো প্রচারমাধ্যমে তুলে ধরতে হবে। প্রয়োজনে পাহাড় কাটার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এদিকে বেড়িবাঁধ ভেঙে গেছে। প্রতি অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের সময়ও ভাঙন দেখা দেয়। কোনো ধরনের পরিকল্পনা না থাকায় স্থানীয় বাসিন্দারা কষ্টের শিকার হচ্ছেন। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় কৃষিজমিতে মারাত্মক প্রভাব পড়ছে।

মুহাম্মদ শাহীন ইমরান: সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্প পুরোপুরি পরিবেশবান্ধব নয়। তবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে উন্নত হচ্ছে প্রতিনিয়ত। এই শিল্পের মালিকদের সংগঠন নিজস্ব উদ্যোগে শ্রমিকদের প্রশিক্ষণ দিচ্ছে। হাসপাতাল পরিচালনা করছে। মাঝেমধ্যে কিছু দুর্ঘটনা ঘটে। এ জন্য মালিক-শ্রমিক উভয় পক্ষ দায়ী। অনেক সময় জোর করেও শ্রমিকদের নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার করানো যায় না। তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

এই উপজেলায় পাহাড় কাটা হচ্ছে না তা নয়। খুব বেশি পরিমাণ পাহাড় কাটা হচ্ছে তা বলা যাবে না। অধিকাংশ ক্ষেত্রে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহায়তার কারণে তা সম্ভব হয়েছে।

গত বছর দেশের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা হয়েছে এখানে। কিন্তু পর্যাপ্ত তথ্য ছিল না। কেউ কোনো তথ্য দেয়নি। উপজেলার ইউনিয়নে ইউনিয়নে গিয়েও সাড়া পাওয়া যায়নি।

এখানে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইকোপার্ক রয়েছে, ধর্মীয় তীর্থ স্থান রয়েছে। বান্দরবানের পর্যটন স্পট নিয়ে আলোচনা হয় কিন্তু চন্দ্রনাথ নিয়ে তেমন কিছু হয় না। সীতাকুণ্ডে ইকোপার্ককেন্দ্রিক একটি টুরিজম বোর্ডের অধীনে হোটেল-মোটেল চালু করা গেলে এখানকার সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। উপজেলার মুরাদপুর সৈকতকে পর্যটন স্পট করা যায়। সব মিলিয়ে এখানে পর্যটনের বিকাশে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

সীতাকুণ্ডে দুর্ঘটনার হার বেশি। মহাসড়কের পাশেই শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা গড়ে উঠেছে। প্রতিদিন গড়ে অন্তত একজনের মৃত্যু হচ্ছে। এ কারণে এখানে ট্রমা সেন্টার স্থাপন করা অতিপ্রয়োজন হয়ে দেখা দিয়েছে। এটি চালু হলে সীতাকুণ্ড ও মিরসরাইবাসী সুবিধা পাবে।

এই উপজেলায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এখানকার শিম বিখ্যাত। কিন্তু এসব সবজি সংরক্ষণের জন্য কোনো কোল্ড স্টোরেজ নেই। উপজেলার সাংস্কৃতিক পরিবেশের মানোন্নয়নে শিল্পকলা একাডেমীর মাধ্যমে কাজ করার প্রক্রিয়া চলছে।

মো. দিদারুল আলম: সীতাকুণ্ড বলতে আমরা ভারী শিল্প অঞ্চল বুঝি। এখানে বিভিন্ন ধরনের শিল্পকারখানা গড়ে উঠেছে। সরকার ১৯৭২ সালে ব্রিকফিল্ড জোন হিসেবে ঘোষণা করেছিল। তবে এখন ব্রিকফিল্ডের সংখ্যা অনেক কমে গেছে। অনেক আদালতে রিট করে চালু রয়েছে। ইটভাটার কারণে কিছু কিছু পাহাড় কাটা হচ্ছে। তবে আগের তুলনায় পাহাড় কাটা অনেকাংশে কমেছে।

জাহাজভাঙা শিল্প নিয়ে অনেক কথা হয়েছে। আমরা নিজেরাও পারিবারিকভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। এখন অনেক পরিবেশবান্ধব উপায়ে জাহাজ কাটা হচ্ছে। একসময় একটি জাহাজ কাটতে পাঁচ থেকে সাত মাস সময় প্রয়োজন হতো। এখন লাগে দুই থেকে চার মাস। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাই মৃত্যুহারও কমেছে। এই শিল্পে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কেননা সবকিছু আগাম ঘোষণা দিয়ে করতে হয়। এ খাতে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দিচ্ছেন ব্যবসায়ীরা।

সীতাকুণ্ডে বেকারের সংখ্যা বেশি। এখানে শিল্পকারখানা করা হলেও স্থানীয় লোকজনকে চাকরি দেওয়া হয় না। শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছে প্রত্যাশা, আমার সীতাকুণ্ডের বাসিন্দাদের চাকরি দেওয়া হোক যোগ্যতার ভিত্তিতে।

সীতাকুণ্ডে পরিবহনসংকট রয়েছে। এ জন্য ছয়টি বাস চালু করার পরিকল্পনা রয়েছে। এসব গাড়ি চলাচল করলে পরিবহনসংকট কিছুটা কমবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কার্যক্রম চালু করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের পরিবেশ সৃষ্টি হবে। একসময় এখানে ভালো শিল্পী ও খেলোয়াড় ছিলেন, যা এখন নেই। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য।

উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি। দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয় না। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি।

যাঁরা অংশ নিলেন

মো. দিদারুল আলম            :   স্থানীয় সাংসদ

মুহম্মদ শাহীন ইমরান           :  উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড

মো. আলাউদ্দীন সাবেরী        :  উপজেলা ভাইস চেয়ারম্যান

এ এস এম আবদুল মোমেন     :   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

মোহাম্মদ সাইফুল ইসলাম       :   সহকারী পুলিশ সুপার, সীতাকুণ্ড মডেল থানা

আবদুল্লাহ আল মামুন           :   সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল

জরিনা আখতার                :   অধ্যক্ষ, সীতাকুণ্ড মহিলা কলেজ

মো. মাহাবুবুর রহমান           :   পরিচালক, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইপসা

সাইফুল মাহমুদ                 :   তদারকি ও প্রশিক্ষণ কর্মকর্তা, বেসরকারি সংস্থা ওশি

সঞ্চালক

বিশ্বজিৎ চৌধুরী: যুগ্ম সম্পাদক, প্রথম আলো

গ্রন্থনা: সুজন ঘোষ