সীতাকুণ্ডে আবারও রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে পড়ে থাকা অজ্ঞাতনামা এক রোহিঙ্গা ছেলেশিশুর (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর কোস্টগার্ডের সদস্যদের খবর দেওয়া হয়।

ওই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার সকালে কোস্টগার্ডের সদস্যদের সীতাকুণ্ড থানা থেকে লাশটি ভাসানচরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

গত বুধবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত থেকে ১০ বছর বয়সী রোহিঙ্গা কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপকূলে বিভিন্ন সময় সর্বমোট ১৩ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সন্দ্বীপের কাছে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী ডুবে যাওয়া ট্রলারটিতে নারী-শিশুসহ ৪১ জন রোহিঙ্গা ছিল। তাদের মধ্যে গত শনিবার ভোরে ১৪ জনকে জেলেরা উদ্ধার করেন। নিখোঁজ হয় ২৭ জন রোহিঙ্গা।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ভাসানচরে থাকা রোহিঙ্গাদের পালানোর প্রবণতা শুরু হয়। সর্বশেষ ১৩ আগস্ট ৮ জন ও ৪ আগস্ট ১৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর সময় নোয়াখালীর সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় ধরা পড়ে। এর আগে ১১ জুলাই ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গাকে মিরসরাইয়ে আটক করা হয়। তার কয়েক দিন পর ২৩ জুলাই সীতাকুণ্ডে মা-মেয়েসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে পুলিশ।