সীতাকুণ্ডে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার ফকিরহাট-বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মুমিনুল ইসলাম (৪৫)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকবর হোসেনের বড় ভাই।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যা পৌন ছয়টার দিকে ফকিরহাট গরুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মমিনুল ইসলাম, তাঁর ছেলে সবুজ ও ভাইয়ের ছেলে মামুন। কিছুদূর আসার পর পেছন থেকে একাধিক সিএনজিচালিত অটোরিকশাযোগে কিছু দুর্বৃত্ত ছুরি, কিরিচ দিয়ে মমিনুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসে ছেলে সবুজ। ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে মুমিনুল। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা এসে মুমিনুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনায় কেউ এখনো মামলা করতে আসেনি। নিহত ব্যক্তির আত্মীয়স্বজন আসার পর হত্যা মামলা নেওয়া হবে বলে জানান তিনি।
নিহত ব্যক্তির ভাই ইউপি সদস্য আকবর হোসেন বলেন, সন্ত্রাসীরা তিনটি অটোরিকশায় করে এসে অতর্কিত হামলা চালিয়ে পৌর সদরের দিকে পালিয়ে যায়। তাঁর ভাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও পেশায় একজন কৃষক। তাঁর সঙ্গে কারও শত্রুতা থাকার কথা নয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।