সীতাকুণ্ডে এক সপ্তাহ ধরে কাটা হচ্ছিল পাহাড়, জানত না প্রশাসন
চারদিকে টিনের বেড়া দিয়ে অন্তত সাত দিন ধরে পাহাড় কাটা চলছে। দুটি এক্সকাভেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছিল এবং একটি বুলডোজার দিয়ে তা সমান করা হচ্ছিল। এভাবে প্রায় এক একরের বেশি জায়গায় থাকা একটি পাহাড় পুরোপুরি কেটে শেষ করা হয়েছে। এরপর খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর গ্রামের ফৌজদারহাট বায়েজিদ বোস্তামি সংযোগ সড়কের ৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল বিকেলে অভিযান চালান সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। তিনি বলেন, টিন দিয়ে ঘিরে পাহাড়টি কাটা হচ্ছিল। পুরো এক একর পরিমাণ পাহাড় কাটা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে দুটি এক্সকাভেটর ও একটি বুলডোজার জব্দ করে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যন্ত্র তিনটি ছাড়ানোর জন্য কেউ এলে তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া হবে। পাহাড় যাঁরা কাটছিলেন, তাঁদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হবে। ভূমির মালিককে খুঁজে বের করে তাঁদের আসামি করে মামলাটি করা হবে।