সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান–ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জেলেপাড়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাইসুল হাসান (২৫)। চলতি বছরে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন তিনি।
নিহত রাইসুল হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিও পুলিশের হেফাজতে রয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সামিউর রহমান প্রথম আলোকে বলেন, রাইসুল হাসান তাঁর আরেক বন্ধুকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে চড়ে পতেঙ্গা সৈকতের দিকে যাচ্ছিলেন। জেলেপাড়ার সেতু এলাকায় পৌঁছালে বন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের গাড়ির। রাইসুল ছিলেন গাড়ির পেছনের আসনে। দুর্ঘটনায় গাড়িটির দরজা ভেঙে বাইরে ছিটকে পড়লে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান রাইসুল। পুলিশের এই কর্মকর্তা জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
এসআই সামিউর বলেন, রাইসুলের বাড়ি চট্টগ্রাম নগরের আগ্রাবাদের মোগলটুলি এলাকায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে তা আর হলো না।