সীতাকুণ্ডে খাল দখল করে গুদাম নির্মাণের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দিল প্রশাসন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের টোব্যাকো গেট এলাকায় ধামাইর খাল দখল করে গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে মো. রফিক নামের এক প্রবাসীর বিরুদ্ধে। এতে বর্ষাকালে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। খাল দখলের সত্যতা পেয়ে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলার সহকারী ভূমি কমিশনার। এ বিষয়ে স্থাপনা নির্মাণকারীকে নোটিশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক মাস ধরে টোব্যাকো গেট এলাকায় খাল দখল করে দেয়াল তুলছিলেন কাতারপ্রবাসী মো. রফিকের লোকজন। কাজের দেখাশোনা করছিল ফোরকান উদ্দিন নামের এক ব্যক্তি। খাল দখলের কারণে পাহাড়ি ঢলে এলাকায় বন্যার সৃষ্টি হতে পারে বলে স্থানীয় লোকজন অভিযোগ করলেও কানে তুলছিলেন না তাঁরা। বরং কয়েকজন মিলে দ্রুত খালের মধ্যে দেয়াল নির্মাণের কাজ করতে থাকেন। স্থানীয় লোকজনের দাবি, খালটির ২০ ফুট ইতিমধ্যেই দখল করে ফেলেছেন ওই ব্যক্তিরা।
স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করা ও নোটিশ পাওয়ার বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন অভিযুক্ত মো. রফিকের প্রতিনিধি মো. ফোরকান উদ্দিন।
ফোরকান উদ্দিন বলেন, তিনি নির্মাণকাজের দেখাশোনা করছেন। নিজস্ব জমিতে তাঁরা গুদাম নির্মাণ করছিলেন। কিন্তু সীমানাপ্রাচীরের কিছু অংশে কাজ বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। ভূমি কার্যালয়ের কয়েকজন এসে তাঁদের দেয়ালের কিছু অংশ সরকারি খালের মধ্যে পড়েছে বলে জানিয়ে দিয়ে গেছেন। এ জন্য সোমবার একটি নোটিশ দিয়েছে ভূমি কার্যালয়। তাঁরা শুনানিতে যাবেন। পরে যেভাবে নির্দেশনা আসবে, সেভাবে কাজ করা হবে।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ওই জায়গা খালের দিকে ডিম্বাকারে আছে। তিনি সার্ভেয়ার পাঠিয়ে প্রাথমিকভাবে পরিমাপ করে খাল দখলের সত্যতা পেয়েছেন। এ জন্য কাজ বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি মালিকপক্ষ ও তাঁর প্রতিনিধিকে একটি নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে শুনানি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।