সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় এক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সাগর উপকূলে কবির স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় কাজ করার সময় এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আরিফুল ইসলাম (২৮)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি জাহাজের ওপর থেকে পড়ে নিহত হন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আরিফুল ইসলাম ওই কারখানায় ভাঙার জন্য আনা স্ক্র্যাপ জাহাজে কর্মরত ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে জাহাজের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরিফকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সকালে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে ওই কারখানায় পুলিশ পাঠিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।