সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের একটি জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় সাগর উপকূলে চিটাগং শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের এক কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, গত বুধবার দুপুরে ওই কারখানার শ্রমিকেরা অক্সি–অ্যাসিটিলিন শিখার সাহায্যে স্ক্র্যাপ জাহাজটির ওপরতলার নিচের অংশ কাটার সময় আগুনের ফুলকি পাশে গিয়ে পড়ে। এতে আগুন ধরে যায়। ওই কক্ষে থাকা আসবাবপত্র পুড়ে যায়।

ফিরোজ মিয়া আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর সন্ধ্যা ছয়টার দিকে দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে মোট ক্ষয়–ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক শুভঙ্কর দত্ত প্রথম আলোকে বলেন, ওই কারখানায় স্ক্র্যাপ জাহাজে আগুন লাগার বিষয়টি তিনি শুনেছেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছেন, সেখানে কর্মরত কোনো শ্রমিক হতাহত হননি।