সীতাকুণ্ডে ঝড়, ফেরিঘাটে আটকা শত শত যাত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝড়ের কারণে কুমিরা ফেরিঘাটে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ঘাট দিয়ে কুমিরা-গুপ্তছড়া নৌপথে দেশের বিভিন্নস্থান থেকে আসা যাত্রীরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে যাতায়াত করেন। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আনুমানিক ৩০০ যাত্রী আটকে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া খারাপ থাকায় স্পিডবোটসহ কোনো ধরনের নৌযান চলছে না।

ঘাট কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া পুরোপুরিভাবে ভালো না হলে ঝুঁকি নিয়ে নৌযান চালাবে না তারা।

যাত্রীরা জানান, আজ সোমবার ভোর থেকে সীতাকুণ্ডে আবহাওয়া ভালো ছিল। ওই সময় স্পিডবোটে শতাধিক যাত্রী পারাপার হয়। সকাল আটটার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে। পৌনে নয়টার দিকে ঝড় শুরু হয়। সঙ্গে শিলাবৃষ্টি। শিলার পরিমাণ অবশ্য কম ছিল। ওই পরিস্থিতিতে নৌ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ফটিকছড়ি থেকে সন্দ্বীপে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আনোয়ার হোসেন নামের যাত্রী। স্পিডবোট না ছাড়ায় তিনি ফিরে আসেন। সকাল সাড়ে নয়টার দিকে কুমিরা বাজারে তাঁর সঙ্গে কথা হয়। আনোয়ার বলেন, ঘাট এলাকায় প্রচুর যাত্রী আটকে পড়েছেন। টিকিট কাউন্টার ও দোকানগুলোতেও ঠাঁই হচ্ছে না। বেগতিক দেখে অনেকে ফিরে যাচ্ছেন। অনেকে আবহাওয়া ভালো হওয়ার আশায় বসে আছেন।

ঘাটের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আবহাওয়া এখনো খারাপ। আকাশ মেঘলা হয়ে আছে। এ পরিস্থিতিতে তাঁরা ঝুঁকি নিয়ে নৌযান চালাচ্ছেন না। এ কারণে যাত্রীরা এসেও ফিরে যাচ্ছেন। তিনি জানান, ঘাটে প্রায় ৩০০ যাত্রী অপেক্ষা করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রী পারাপার শুরু হবে।