সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা রুবি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা (৫০)। তিনি কুমিল্লার সোয়াগাজীর সুবর্ণপুর এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, মো. মোস্তফা কুমিল্লা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি কুমিরা রুবি গেট এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোস্তফা সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক মো. আমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রাকের ধাক্কায় নিহত মো. মোস্তফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ওই ট্রাকচালক পালিয়ে গেছেন। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।