সীতাকুণ্ডে তেলবাহী লরি থেকে সহকারীর লাশ উদ্ধার, চালক পলাতক
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার বটতল এলাকায় সীতাকুণ্ড ফিলিং স্টেশনে রাখা তেলবাহী ট্যাংকলরির ভেতর থেকে নুরুল ইসলাম ওরফে শাহীন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে লরির চালকের আসনের পেছনের আসনে শোয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত নুরুল ইসলামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। এ ঘটনায় লরির চালক বাবুল (৫০) পলাতক।
পুলিশ জানিয়েছে, নিহত নুরুল ইসলাম ওই গাড়ির চালকের সহকারী। তাঁর মাথায় আঘাতের চিহ্ন আছে।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম প্রথম আলোকে বলেন, ফিলিং স্টেশনে পার্কিং করা লরির ভেতরে লাশ আছে—এমন তথ্য দিয়ে একটি ফোন নম্বর থেকে ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ফোন করেন এক ব্যক্তি। পরে ব্যবস্থাপক ঘটনার সত্যতা পেয়ে সীতাকুণ্ড থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লরির ভেতরে লাশটি কম্বল পেঁচানো অবস্থায় ছিল। মাথায় রক্তাক্ত জখম ছিল। ঘটনাটি হত্যা না দুর্ঘটনা, সে সম্পর্কে তাঁরা নিশ্চিত নন। বিষয়টি তদন্ত করে দেখছে হাইওয়ে পুলিশ।