সীতাকুণ্ডে নারীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বৈদ্দপুকুরের পূর্বপাশে রাস্তার পাশে অজ্ঞাতনামা (৩৬) এক নারীকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে দুষ্কৃতকারীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ওই নারীর মাথায় ও পেটে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। নিঃসন্দেহে এটি হত্যাকাণ্ড। এ কারণে একটি হত্যা মামলা করা হবে।
পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে আটটায় স্থানীয় লোকজন সড়কের পাশে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সীতাকুণ্ড থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর পরনে কালো রঙের বোরকা ছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজতে শুরু করেছে পুলিশ।