সীতাকুণ্ডে নৌকার বিপক্ষে কাজ করায় ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের ছয় নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান, সহসম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মেজবাউল আলম ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন চৌধুরী।

১১ নভেম্বর বাঁশবাড়িয়া ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের সদস্যদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। অন্যথায় তাঁদের অব্যাহতি দেওয়া হবে। সম্প্রতি ওই ছয় নেতা দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণায় সহযোগিতা না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় তাঁদের সতর্ক করা হয়েছিল। এরপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁরা দলের শৃঙ্খলাবিধি ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। বিষয়টি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে লিখিতভাবে জানানোর পর ওই ছয়জনকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলায় চারটি ইউনিয়নেই দলীয় প্রার্থী রয়েছে। ওই চার ইউনিয়নে অন্য কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।