সীতাকুণ্ডে পদচারী সেতু নির্মাণকাজে সমন্বয়হীনতা, যানজটে ভুগল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদচারী সেতুর নির্মাণকাজের কারণে শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে কর্নেলহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পদচারী সেতু নির্মাণকাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন আড়াই ঘণ্টার জন্য বন্ধ ছিল। এতে মহাসড়কের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে কর্নেলহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী লেনের অনেক গাড়ি বিকল্প লেন ব্যবহার করায় চট্টগ্রামমুখী যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৫টা থেকে আটটা পর্যন্ত সড়ক বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। তবে সড়কে গাড়ি চলাচল এখন স্বাভাবিক।

যানজটের কারণে সড়ক ও জনপথ বিভাগ দুষেছেন বিদ্যুৎ বিভাগকে। সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা প্রথম আলোকে বলেন, মহাসড়ক ঘেঁষে বিদ্যুতের সঞ্চালন লাইন রয়েছে। সেতুর ডেক বিম বসানোর জন্য ভোর সাড়ে পাঁচটা থেকে দেড় ঘণ্টার জন্য বিদ্যুৎ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করেনি। বিদ্যুৎ চালু থাকলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। সে জন্য কাজ শুরু করতে দেরি হয়েছে। এ কারণে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল কিছুটা দেরিতে শুরু হয়েছে।

সওজের একজন কর্মকর্তা বলছেন, বিদ্যুৎ অফিসের লোকজন ঘুমাচ্ছিলেন। তাই নির্ধারিত সময়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে পারেননি তাঁরা। এ কারণে হাজারো মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিদ্যুৎ সঞ্চালন দেরি হওয়ার বিষয়ে জানতে ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ কাওছার মাছুমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

যানজটের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াত করা মানুষ। ফকিরহাট এলাকা থেকে গাড়ি না পেয়ে কর্মস্থলে পায়ে হেঁটে রওনা দেন পোশাকশ্রমিকেরা। তাঁদের একজন রাশেদা আক্তার প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। প্রতিদিনের মতো আজও সাতটায় সড়কে দাঁড়িয়েছেন গাড়ির অপেক্ষায়। কিন্তু সাড়ে সাতটা বেজে গেলেও কোনো গাড়ি আসেনি। ফলে নিরুপায় হয়ে পায়ে হেঁটে রওনা দেন তাঁরা।

ঢাকামুখী লেনে যানজটে আটকে থাকা ব্যক্তিগত কারচালক মো. মহসিন বলেন, তিনি নারায়ণগঞ্জের চাষাড়া যাচ্ছিলেন অফিসের কাজে। তিনি জানতেন সকাল সাতটা পর্যন্ত মহাসড়ক বন্ধ থাকবে। তাই সাড়ে সাতটার দিকে রওনা দেন। পৌনে আটটার দিকে তিনি সিটি গেইট এলাকায় এসে যানজটে আটকে যান।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল করিম প্রথম আলোকে বলেন, ডেক বিম বসানোর কাজ শুরু হয়েছে প্রায় আধঘণ্টা পর। কাজ শেষ করতেও সময় বেশি লেগেছে। তাই গাড়ি সাতটার পরিবর্তে আটটায় চালু করা হয়েছে। তবে ২০ মিনিটের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হয়েছে।