সীতাকুণ্ডে ভাঙার জন্য আনা জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় সাগর উপকূলে ভাঙার জন্য আনা একটি স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে তারেকুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ছোট কুমিরা সাগর উপকূলে মোতালেব স্টিল নামের জাহাজ ভাঙার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তারেকুল ইসলামের বাড়ি নওগাঁ সদর থানাধীন হাসাইপাড়া ইউনিয়নের চক মহাদেবপুর গ্রামে।
তারেকুল ইসলামের ভাই তারেক হাসান প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আজ সকাল সাড়ে আটটার দিকে মোতালেব স্টিলের স্ক্র্যাপ জাহাজের ওপর কাজ করার সময় ১৫–২০ ফুট ওপর থেকে সাগরের পানিতে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে অন্য শ্রমিকেরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তারেকুলের লাশ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি এখনো পাঁচলাইশ থানায় প্রক্রিয়াধীন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।