সীতাকুণ্ডে ভোটের আগে পাল্টাপাল্টি ধাওয়া, চলাচল বন্ধ ছিল মহাসড়কে
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ সময় উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে পরস্পরকে ইটপাটকেল ছুড়তে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়। এতে পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
আজ বৃহস্পতিবার সকাল আটটায় সীতাকুণ্ডে নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই কেন্দ্রের ইউপি সদস্য প্রার্থী ফোরকান উদ্দিনের সমর্থকদের সঙ্গে মাহবুব আলমের সমর্থকদের সংঘর্ষ হয়।
ওই ইউনিয়নের দায়িত্বে থাকা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষ ইটপাটকেল মারতে থাকায় মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ ভূঁইয়ার এক ভাইসহ মোট চারজন আহত হন।
মুরাদপুর ইউনিয়নে নির্বাচনকালীন পুলিশের মোবাইল টিমের দায়িত্বে থাকা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) পারসিত চাকমা প্রথম আলোকে বলেন, আবুল কালাম আজাদ ভূঁইয়ার ভাই মঞ্জু ভূঁইয়ার ওপর হামলা চালান প্রতিপক্ষ কামাল হোসেনের লোকজন।