সীতাকুণ্ডে মদ ভেবে অ্যাসিড পানে নিরাপত্তা প্রহরীর মৃত্যু, অসুস্থ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা কারখানায় অ্যাসিড পান করে এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও দুজন নিরাপত্তা প্রহরী হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতলা এলাকায় এসএম শিপব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় এ ঘটনা ঘটে।

আজ সকাল সাড়ে ছয়টার দিকে ওই তিনজন মদ মনে করে অ্যাসিড পান করে অসুস্থ হন। এ ঘটনায় মারা যাওয়া ওই নিরাপত্তা প্রহরীর নাম দহ ত্রিপুরা(২২)। অসুস্থ হয়ে পড়া অপর দুজন হলেন সীমান্ত ত্রিপুরা (২৫) ও ধনেশ্বর ত্রিপুরা (২২)। তাঁরা তিনজনই খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

ওই কারখানার এক শ্রমিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কারখানায় ভাঙার জন্য আনা স্ক্র্যাপ জাহাজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁরা। আজ সকালে জাহাজের ভেতরে একটি বোতলে থাকা অ্যাসিডকে মদ ভেবে তাঁরা তিনজন পান করেন। এরপর মুহূর্তেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানার অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তিন শ্রমিকের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি শুনেছেন। বাকি দুজনের খাদ্যনালি পরিষ্কার করা হয়েছে। তবে পাঁচলাইশ থানা এখনো তাঁদের বিস্তারিত কিছু জানায়নি।