সীতাকুণ্ডে রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকত এলাকায় ১১ বছর বয়সী অজ্ঞাতনামা এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে কোস্টগার্ডের সদস্যরা এসে লাশটি ভাসানচরের দিকে নিয়ে যান।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা শিশুর লাশ সৈকতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ হোসেনকে খবর দেন। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে কোস্টগার্ডের সদস্যদের কাছে হস্তান্তর করে।
সুমন বণিক আরও বলেন, শিশুর পরিচয় শনাক্ত করার জন্য লাশের ছবি ভাসানচরের শরণার্থী ক্যাম্পে পাঠান কোস্টগার্ডের সদস্যরা। রোহিঙ্গা শিশুর লাশ শনাক্ত হওয়ার পর লাশ নিয়ে ভাসানচরের দিকে রওনা দেন কোস্টগার্ডের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট ২৩ জনের রোহিঙ্গা দল নৌকাযোগে বঙ্গোপসাগর হয়ে ভাসানচর থেকে পালানোর চেষ্টা করে। রোহিঙ্গাবোঝাই নৌকাটি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে নিখোঁজ হন ২৩ রোহিঙ্গার সবাই। মঙ্গলবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত গ্রাম থেকে সাত রোহিঙ্গার লাশ উদ্ধার করে কোস্টগার্ড। বুধবার সকালে উদ্ধার হওয়া শিশুর লাশ নিয়ে মোট ১২ জনের লাশ উদ্ধার করা হলো।