সীতাকুণ্ডে সাড়ে ছয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ ইয়াবাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ ঘোড়ামরা এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী এক যাত্রীবাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. রনি ইসলাম (২০)। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের বাসিন্দা।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, তাঁরা দক্ষিণ ঘোড়ামরা এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি করছিলেন। এ সময় একটি বাসে তল্লাশি চালান তাঁরা। যাত্রীবেশে ছিলেন রনি। তাঁর হাতে থাকা টিয়া রঙের শপিং ব্যাগের ভেতর বিশেষ পদ্ধতিতে রাখা পাইপে ইয়াবাগুলো ছিল। ইয়াবাগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন রনি। পরে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার দাম ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।