সীতাকুণ্ডে ১৮ ঘণ্টা যানজট, সকালে স্বাভাবিক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ ঘণ্টার যানজটের পর আজ বুধবার সকাল ছয়টার দিকে স্বাভাবিক হয়েছে যান চলাচল। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ যানজটের শুরু। বিকেল থেকে যানজট তীব্র আকার ধারণ করে। এ কারণে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন শিবচতুর্দশীর মেলায় আসা লাখো পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা।
হাইওয়ে পুলিশ জানায়, গত সোমবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীতাকুণ্ডে বাসে করে মানুষ আসতে থাকেন। বাসগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দাঁড়িয়ে পুণ্যার্থীদের উঠানামা করানোর কারণে যানজট দেখা দেয়। সারা রাত হাইওয়ে পুলিশের কুমিরা পুলিশ ফাঁড়ি ও বারআউলিয়া হাইওয়ে থানার একাধিক দল কাজ করেও যানজটমুক্ত করতে পারেনি ওই এলাকা।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুদ্দিন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড পৌর সদর থেকে যানজট চট্টগ্রামের দিকে ১৫ কিলোমিটার দূর পর্যন্ত ছাড়িয়ে যায়। আবার কিছুক্ষণ পর থেমে থেমে গাড়ি চলতে থাকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে গাড়ির চালকেরা ঘুমিয়ে পড়েন। হাইওয়ে পুলিশকে দৌড়ে গিয়ে চালকদের ঘুম থেকে জাগিয়ে তুলতে হয়।
গতকাল বিকেলে সরেজমিন দেখা গেছে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড়। কেউ নামছেন বাস থেকে, আবার দল বেঁধে সড়ক পার হচ্ছেন অনেকে। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া সীতাকুণ্ড পৌর সদরের উভয় দিকে চার কিলোমিটার সড়কজুড়ে দেশের বিভিন্নস্থান থেকে আসা বাস পার্ক করা রয়েছে। এতে সড়ক কিছুটা সংকুচিত হয়ে পড়েছে।
কুমিরা হাইওয়ে থানার পরিদর্শক মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা তীর্থযাত্রীরা কেউ কেউ মেলায় আসছেন, আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন। এ কারণে গাড়িতে ওঠানামার সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিয়ন্ত্রণে দিনভর কাজ করছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে সোনাইছড়িতে দুর্ঘটনার পর যানজট ভাটিয়ারি পর্যন্ত আরও ১৫ কিলোমিটার চলে যায়। এমনিতে সীতাকুণ্ডে তীর্থযাত্রীদের কারণে গাড়ি কিছুটা ধীরে চলছিল, তার ওপর দুর্ঘটনায় যানজট বেড়ে যায়।
তীর্থযাত্রীদের একজন সবুজ চন্দ্র শীল প্রথম আলোকে মুঠোফোনে বলেন, গতকাল বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের সিটি গেট থেকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেন। রাত ১০টার দিকে তিনি সীতাকুণ্ডে পৌঁছান। দেড় ঘণ্টার পথ যেতে তাঁর ছয় ঘণ্টা লেগেছে।
সীতাকুণ্ড বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা অয়ন দাস প্রথম আলোকে বলেন, তাঁর এক আত্মীয় শিবচতুর্দশী মেলায় সীতাকুণ্ডে এসেছেন। ওই আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তিনি বিকেল পাঁচটার দিকে মহাসড়কে উঠে গাড়ির জন্য অপেক্ষা করেন। শেষ পর্যন্ত গাড়ি না পেয়ে তিনি ফিরে যান।