সীতাকুণ্ডের উপকূলে মৃত ডলফিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার হওয়া মৃত ডলফিন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলে সংরক্ষিত উপকূলীয় বনে মৃত ডলফিন উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডলফিনটি উদ্ধার করা। পরে এটি মাটিচাপা দেওয়া হয়।

উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয়ের বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকালে ওই এলাকায় বনায়নের কাজ করছিলেন বন বিভাগের কর্মীরা। এ সময় নাকে দুর্গন্ধ লাগে।

প্রথমে তাঁরা ভেবেছিলেন, কোথাও গরু মরে পড়ে রয়েছে। পরে অনুসন্ধান করতে গিয়ে দেখেন, কেওড়াবনের ভেতর গাছের সঙ্গে একটি ডলফিন মৃত অবস্থায় পড়ে আছে।

বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান আরও বলেন, মৃত ডলফিনটি সাড়ে ছয় ফুট লম্বা। ওজন দুই মণের বেশি। তাঁদের ধারণা, ডলফিনটি পাঁচ থেকে সাত দিন আগে সাগরে মারা যেতে পারে। পরে ভেসে ভেসে উপকূলে চলে আসে। মৃত ডলফিনকে সেখানেই মাটিচাপা দেওয়া হয়েছে।