সীতাকুণ্ডের ৪ খালে বর্জ্য ফেলার সত্যতা পেল পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের খালগুলোতে প্লাস্টিকের বর্জ্য ফেলার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মাদামবিবিরহাট ইছামতি খাল এলাকায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ও ভাটিয়ারী ইউনিয়নের চারটি খালে প্লাস্টিক ও হাটবাজারের বর্জ্যসহ নানা বর্জ্য ফেলার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে একটি দল খালগুলোতে অভিযান চালায়। অভিযানে প্রাথমিকভাবে জড়িত তিন ব্যক্তিকে শনাক্ত করেছে তদন্ত দল।

বর্জ্যে দূষিত হওয়া খালগুলো হলো ভাটিয়ারী ইউনিয়নের ধামাইল, ইছামতী ও চিরিংগা খাল এবং সোনাইছড়ি ইউনিয়নের মদনাহাট খাল।

আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, খালগুলোতে অভিযান চালিয়ে পানিতে যথেষ্ট পরিমাণ প্লাস্টিকের বর্জ্য ভাসতে দেখা গেছে। বর্জ্য ফেলার সঙ্গে কারা জড়িত, তা তাঁরা অনুসন্ধান করে বের করার চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে তিন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও অনেক ব্যক্তি ও কারখানা খালে বর্জ্য ফেলার সঙ্গে জড়িত বলে তাঁদের ধারণা। তবে কোন কোন কারখানা জড়িত, তা নিয়ে অনুসন্ধান করছেন তাঁরা।

তিনি আরও বলেন, তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ডাকা হবে। এরপর শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটিকে খালে বর্জ্য না ফেলতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। গত মঙ্গলবার রাতে হাইওয়ে পুলিশের আটক করা ট্রাকটি তাঁরা পেয়েছেন। সংশ্লিষ্ট ট্রাকের মালিককে বার আউলিয়া হাইওয়ে থানায় ডাকা হয়েছে। ট্রাকের মালিক আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর সীতাকুণ্ডের চার খালে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার প্রথম আলোতে ‘প্লাস্টিকে ভরাট হচ্ছে খাল’ ও গতকাল বুধবার প্রথম আলো অনলাইনে ‘খালে প্লাস্টিক বর্জ্য ফেলার সময় সীতাকুণ্ডে ট্রাক জব্দ, মালিককে তলব’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তর থেকে খালগুলোতে অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার ফেসবুক পেজে উল্লেখ করা হয়, ‘প্রথম আলো পত্রিকায় ময়লা ফেলে খাল ভরাট সম্পর্কিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে খালগুলোতে পরিদর্শন করা হয়। এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র নবায়নের আবেদনের ভিত্তিতে সুবেদার অক্সিজেন নামক কারখানা পরিদর্শন করা হয়।’

আরও পড়ুন