সীমান্ত এলাকায় গিয়ে ত্রাণ দিলেন ইউএনও

করোনা তাঁদের কর্মহীন করেছে। আর বন্যায় ঘরবন্দী। এ দুই পরিস্থিতিতে থাকা কোম্পানীগঞ্জের ভারত সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ত্রাণসহায়তা দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য। শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী উৎমা এলাকায় ৫০টি পরিবারকে সরকারি ত্রাণসহায়তা দেওয়া হয়। এ সময় সীমান্ত এলাকার বাসিন্দাদের সীমান্ত আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়।
গত ২০ জুন ও ১১ জুলাই সীমান্তে ভারতের ভেতরে খাসিয়াদের গুলিতে দুজন নিহত ও আহত হন আরও তিনজন। ত্রাণসহায়তা ও সচেতনতামূলক প্রচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত বিজিবির ৪৮ ব্যাটালিয়নের এলাকাভুক্ত। বন্যার কারণে সড়কপথে পানি। কখনো হাঁটার পথ, আবার কখনো নৌকা। প্রায় ৪২ কিলোমিটার এভাবে পথ পাড়ি দিয়ে করোনায় কর্মহীন ও বন্যায় ঘরবন্দী ৫০টি পরিবারকে খুঁজে বের করেন ইউএনওর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধিরা। সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০টি কর্মহীন পরিবারকে চিহ্নিত করে তাঁদের ঘরে ঘরে ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া হয়। ৫০ পরিবারকে দেওয়া ত্রাণের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, তেল, ডালসহ অন্যান্য নিত্যপণ্য ও শুকনো খাবার ছিল।
দুর্গম হওয়ায় এত দিন ইউনিয়ন পরিষদের মাধ্যমে ত্রাণসহ সার্বিক সহায়তা দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জের ইউএনও। সরাসরি ত্রাণসহায়তা দেওয়ার পেছনে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টিও একটি লক্ষ্য উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনের সর্বশেষ দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির সভায় সীমান্ত এলাকায় কর্মহীনদের মাঝে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত আইন মেনে চলার বিশেষ সচেতনতা চালানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আলোকে উৎমা সীমান্ত এলাকায় ত্রাণসহায়তার সঙ্গে সীমান্ত আইন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সীমান্ত এলাকায় এ রকম কর্মসূচি অব্যাহত রাখা হবে।’
ত্রাণসহায়তা দেওয়া ৫০ পরিবারের মধ্যে উৎমা সীমান্তে সর্বশেষ গুলিবিদ্ধ হয়ে নিহত মো. বাবুল হোসেনের (২০) বাবা আমির হোসেনও ছিলেন। তিনি জানিয়েছেন, করোনা-বন্যা আর সীমান্ত পরিস্থিতির তিন সমস্যায় তাঁরা ত্রিশঙ্কু দশার মধ্যে পড়েছেন। সীমান্তে কখন অতর্কিত গুলি হয়—দিনরাত এ উদ্বেগে কাটে তাঁদের সময়।
উৎমা সীমান্ত এলাকায় এর আগে গত ২০ জুন ভারতীয় খাসিয়াদের গুলিতে বাবুল বিশ্বাস (৩৪) নামের আরও এক বাংলাদেশি নিহত হন। সব মিলিয়ে করোনাকালে সিলেট অঞ্চলে শুধু বিজিবির ৪৮ ব্যাটালিয়ন এলাকায় ৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মেধ্যে দুজন কোম্পানীগঞ্জের উৎমাছড়ায়। বাকি তিনজন গোয়াইনঘাট উপজেলার সীমান্তে।
উৎমাছড়া সীমান্ত এলাকা পুরোটা পড়েছে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন জানান, করোনায় উৎমা পাথর কোয়ারি বন্ধ থাকায় ওই এলাকার সব মানুষই এখন কর্মহীন। এ অবস্থায় তিন দফা পাহাড়ি ঢলে বন্যা হয়েছে। সীমান্ত পরিস্থিতিও তাঁদের বেশি উদ্বিগ্ন করে রেখেছে। এ অবস্থায় প্রশাসনের ত্রাণসহায়তা তাঁদের মনে ভরসা তৈরি হয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘সীমান্তের বাসিন্দা লোকজনের দাবি, করোনা সংক্রমণের ভয় থেকে ভারতের খাসিয়ারা সীমান্তে মানুষ দেখামাত্র অতর্কিত গুলি করছে। বিষয়টি মাধ্যমে বিজিবিকেও জানানো হয়েছে।’