সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা শিবিরও ডুবেছে, সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবানে তিন দিনের টানা বৃষ্টিতে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিচু এলাকা ডুবে যাওয়ায় দুই দিন সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় প্লাবিত এলাকা বেড়ে যাচ্ছে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুবাজার ও কোনাপাড়া বাজারও তলিয়ে গেছে। দুই উপজেলায় আজ বুধবার দুপুর পর্যন্ত প্লাবিত এলাকার ২০০ পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কোনাপাড়া সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আশ্রয়শিবিরের একাংশও ডুবে গেছে। রোহিঙ্গারা মিয়ানমারের কাঁটাতারের বেড়া ঘেঁষে পাহাড়ের ওপর বাসায় গাদাগাদি করে আশ্রয় নিয়েছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।

লামা ও নাইক্ষ্যংছড়ির লোকজন জানান, ভারী বৃষ্টির কারণে লামার মাতামুহুরী ও নাইক্ষ্যংছড়ির বাকখালী নদী এবং সীমান্তের তুমব্রুখালে পানি বেড়ে গতকাল মঙ্গলবার দুপুর থেকে নিচু এলাকাগুলো প্লাবিত হতে থাকে। তুমব্রু খালের পানিতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে দুটি বাজারসহ তুমব্রু ও কোনাপাড়া এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালিত একটি শিশু শিক্ষার পড়াকেন্দ্র পাহাড়ি ঢলে ভেসে গেছে।

রোহিঙ্গারা মিয়ানমারের কাঁটাতারের বেড়া ঘেঁষে পাহাড়ের ওপর বাসায় গাদাগাদি করে আশ্রয় নিয়েছেন।

তুমব্রু এলাকার বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় পানিও কমে গিয়েছিল। কিন্তু বুধবার বৃষ্টি বেড়ে যাওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে পানি আবারও বাড়তে থাকে। দুপুরের দিকে তুমব্রু ও কোনাপাড়া এলাকা আবারও ডুবে গেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য তুমব্রু-কোনাপাড়া এলাকার বাসিন্দা দীন মোহাম্মদ বলেন, ২০১৭ সালে বাস্তুচ্যুত হওয়া প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা সীমান্তের তুমব্রু খালের তীর ঘেঁষে আশ্রয় নিয়ে রয়েছেন। তাঁদের আশ্রয়শিবিরের একাংশ তুমব্রুখালের পানিতে তলিয়ে গেছে। তাঁরা মঙ্গলবার সকাল থেকে মিয়ানমারের সীমান্তরক্ষীদের কাঁটাতারের বেড়া ঘেঁষে ঝুপড়ি ঘরে আশ্রয় নিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, কক্সবাজারের সঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা ও উপজেলা সদরের সঙ্গে ইউনিয়নগুলোর সড়কের নিচু অংশ পানিতে ডুবে গেছে। এ জন্য মঙ্গলবার দুপুর থেকে যানবাহন চলাচল বন্ধ হয়েছে।

লামার লোকজন জানিয়েছেন, মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় লাইনঝিরি, মধুঝিরি, হাসপাতাল এলাকা ও সিলেতুয়া এলাকা ডুবে গেছে। লামা-আলীকদম সড়কে যানবাহন বন্ধ হয়েছে।

লামা ও নাইক্ষ্যংছড়ির দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু রহমান বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ১৫০ পরিবার ও লামায় ৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পাহাড় ধসে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে আসার জন্য মাইকিং করা হয়েছে।