সুখী–সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে স্বনির্ভর হওয়ার আহ্বান মুখ্য সচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস
ছবি: প্রথম আলো

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে স্বনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে গিয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পটিয়ার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্প (পাহাড়ি এলাকায়) মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসানের সঞ্চালনায় সভায় উপকারভোগী সাগরিকা (তৃতীয় লিঙ্গ) ও দেবশ্রী দেবু বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মারুফ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বি এম জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আহমদ কায়কাউস বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ঘর দিয়েছেন। পায়ের তলায় মাটি ও মাথার ওপরে ছাদ দিয়েছেন। এখন সন্তানদের ভালোভাবে মানুষ করার দায়িত্ব আপনাদের। এখানে মসজিদ হচ্ছে ও স্কুলও হবে। কিছুক্ষণ আগে আপনাদের (রমজানের খাদ্য সামগ্রী) উপহার দেওয়া হয়েছে। কিন্তু এটা প্রতি দিন পাওয়ার প্রত্যাশা করবেন না, আপনাদের স্বনির্ভর হতে হবে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে স্বনির্ভর হতে হবে।’

আহমদ কায়কাউস বক্তব্যের শুরুতে যাঁরা উপকারভোগী ও ঘর পেয়েছেন, তাঁদের কোনো অভিযোগ আছে কি না, জানতে চান। তখন সবাই একবাক্যে কোনো অভিযোগ নেই বলে জানান।

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্প এলাকার উপকারভোগীদের হাতে উপহারসামগ্রী (রমজানের খাদ্যসামগ্রী) তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস
ছবি: প্রথম আলো

সভায় তৃতীয় লিঙ্গের উপকারভোগী সাগরিকা বলেন, ‘আগে কোনো সরকারের আমলে তৃতীয় লিঙ্গের মানুষ সম্মান পাননি। প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গের পাঁচ লাখ মানুষের পাশে দাঁড়িয়েছেন। শেখ হাসিনার কারণে ঘর পেয়েছি। এ জন্য যত দিন বাঁচব, তত দিন তাঁর কথা বলব।’

পটিয়ার হাইদগাঁও পাহাড়ি এলাকায় দুই শতাধিক ঘরে উপকারভোগীরা উঠেছেন। বর্তমানে আরও ৯৫টি নতুন ঘর তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মতবিনিময় সভার আগে কয়েকটি ঘর পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের তিন শতাধিক বাসিন্দার মধ্যে উপহারসামগ্রী (সাড়ে ১৬ কেজি করে খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়।