সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। এ সময় বালুবাহী একটি ট্রলার জব্দ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জের রামনগর এলাকার মো. শহীদ (৪০) ও শাহিন (৩৭) এবং বরিশাল দুর্গাপুর এলাকার সাইদুল হাওলাদার (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে বালু তোলার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বালুবোঝাই একটি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়।

মং এছেন আরও বলেন, বালুমহল ও মাটি ২০১০–এর ১৫ (১) ধারায় অবৈধভাবে বালু তোলা ও পরিবহন দণ্ডনীয় অপরাধ। পরে আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু তোলায় কোনো ছাড় নয়। এ অভিযান অব্যাহত থাকবে।