সুগন্ধা নদীতে লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ
ঝালকাঠি থেকে ঢাকাগামী এমভি ফারহান-৭ নামে একটি লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে বাল্কহেডটি ডুবে গেছে। এতে লঞ্চের সামনের অংশ ফেটে গেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর-সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা শিকদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ফারহান-৭ লঞ্চ থেকে সব যাত্রী নেমে যাওয়ার কারণে লঞ্চটির যাত্রা বাতিল করা হয়েছে।
দুর্ঘটনার সময় ফারহান-৭ লঞ্চটিতে ছিলেন নলছিটি উপজেলার মানপাশা গ্রামের জাহাঙ্গীর সিকদার। তিনি বলেন, লঞ্চটি সন্ধ্যা ৬টায় আনুমানিক ৪০০ যাত্রী নিয়ে ঝালকাঠি লঞ্চঘাট ত্যাগ করে। সন্ধ্যা সাড়ে ৬টায় নলছিটি ঘাট থেকে যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করে। নলছিটি ঘাট ছেড়ে ১০ মিনিট চলার পর খোঁজাখালী-মল্লিকপুর বাঁক ঘোরার সময় একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে সেটির ৫ জন স্টাফ সাঁতরে তীরে ওঠেন। সংঘর্ষের সময় বিকট শব্দ হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরও লঞ্চটি চলতে থাকলে আতঙ্কিত যাত্রীদের জোরালো আপত্তির কারণে লঞ্চ কর্তৃপক্ষ মল্লিকপুর চরে নোঙর করতে বাধ্য হয়।
ফারহান-৭ লঞ্চটিতে যাত্রী না থাকায় যাত্রা বাতিল করা হয়েছে। লঞ্চটি মল্লিকপুর চরে নোঙর করে রাখা হয়েছে।
ফারহান-৭ লঞ্চের পরিদর্শক মো. হারুন অর রশিদ বলেন, লঞ্চের সামনের অংশ সামান্য ফেটে গেছে। মল্লিকপুর চরে লঞ্চটি নোঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। সব যাত্রী নেমে যাওয়ায় ঢাকার যাত্রা বাতিল করা হয়।
ঘটনাস্থলে থাকা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ফারহান-৭ লঞ্চের অধিকাংশ যাত্রী বরগুনা থেকে আসা পূবালী নামের একটি লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিছু যাত্রী বরিশাল চলে গেছেন। ফারহান-৭ লঞ্চটিতে যাত্রী না থাকায় যাত্রা বাতিল করা হয়েছে। লঞ্চটি মল্লিকপুর চরে নোঙর করে রাখা হয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ নামের একটি লঞ্চের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষ হয়েছিল। ওই দুর্ঘটনায় বাল্কহেডের ১ জন স্টাফ মারা যান।