সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুন লাগে
ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন শিক্ষক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় ৪৮ জনের মৃত্যু হলো।

মারা যাওয়া ওই শিক্ষকের নাম মনিকা রানী হালদার (৪০)। তিনি বরগুনা পৌর শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ বলেন, আজ বুধবার দুপুরে মনিকা রানী হালদারের লাশ তাঁর কর্মস্থল গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে আনা হয়। এ সময় শেষবারের মতো তাঁকে দেখতে বন্ধু-স্বজন, শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, সহপাঠী ও স্থানীয় মানুষ বিদ্যালয় মাঠ ছুটে আসেন।

স্বজনেরা বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার পর প্রথমে মনিকা রানী হালদারকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ২৫ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তিনি মারা যান। তাঁর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মনিকা রানী হালদারকে স্মরণ করে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী সোলায়মান বলেন, ‘আপা খুব ভালো ছিলেন। তিনি সব সময় আমাদের শাসনের পাশাপাশি আদর-সোহাগ করতেন। সৃষ্টিকর্তা তাঁকে যেন পরপারে ভালো রাখেন।’

বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৩ ডিসেম্বর সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ ৩০ জন। মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। আর চিকিৎসাধীন ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা জানানো হয়। এখন পর্যন্ত ১৭ জন নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।