সুগন্ধার ভাঙনে স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের সড়ক বিলীন
বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের একমাত্র পাকা সড়কটির একটি বড় অংশ আকস্মিক সুগন্ধা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আজ শুক্রবার বিকেলে সড়কের প্রায় ৫৪৫ মিটার নদীতে চলে যায়। সড়ক বিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে রোগী ও তাদের স্বজনেরা।
প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম খান, মাহিন উদ্দিন জানান, শুক্রবার বিকেল চারটার সময় সড়কের ভাঙনকবলিত অংশের প্রায় ৫৪৫ মিটার হঠাৎ দেবে যায়। এরপর তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সুগন্ধায় ভাঙন অব্যাহত রয়েছে।
স্থানীয় দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, সড়কটির বেশির ভাগ অংশ নদীগর্ভে চলে গেছে। এর আগে ওই স্থানে ভাঙন প্রতিরোধে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু তাতে সড়কটির ভাঙন বন্ধ করা সম্ভব হয়নি।
এলাকার কয়েক ব্যক্তি জানান, সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে জেলার বাবুগঞ্জ উপজেলার মানচিত্র। প্রতিদিন সুগন্ধার বুকে বিলীন হয়ে যাচ্ছে নদীর তীরবর্তী বাসিন্দাদের বসতভিটা।
এর আগে গত জুনের প্রথম দিকে এ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট–সংলগ্ন রহমতপুর-চাঁদপাশা ইউনিয়ন সড়কের ২০০ মিটার আড়িয়াল খাঁ নদীতে বিলীন হয়ে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে পাঁচ গ্রামের মানুষ। এ ছাড়া হুমকিতে রয়েছে মীরগঞ্জ ফেরিঘাট, মীরগঞ্জ বাজারসহ অনেক বসতভিটা।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকজন বলেন, ইতিমধ্যে উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠি, বাহেরচর ঘোষকাঠি, উত্তর রাকুদিয়াসহ নদীসংলগ্ন গ্রামের অনেক ঘরবাড়ি, ফসলি জমি ও মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সুগন্ধার অব্যাহত ভাঙনে অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে এখন নিঃস্ব। সন্ধ্যা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় প্রতিনিয়ত ভাঙন বেড়েই চলেছে। এতে ওই এলাকার লোকজন আতঙ্কে আছেন।
পাউবো বরিশাল জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জাবেদ ইকবাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘সড়কটি বিকেলে নদীগর্ভে বিলীন হওয়ার বিষয়টি আমরা শুনেছি। ওই স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে।’