সুজানগরে ঝগড়া থামাতে গিয়ে ‘ধাক্কায়’ বৃদ্ধের মৃত্যু
পাবনার সুজানগর উপজেলায় প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে ‘ধাক্কায়’ মাটিতে পড়ে রহিম মোল্লা (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে। তবে বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।
কয়েক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় গ্রামের মাছিম আলী নামের এক ব্যক্তির বাড়িতে কেউ মানুষের বিষ্ঠা রেখে দেন। সকালে তিনি ঘুম থেকে উঠে বিষয়টি দেখতে পেয়ে ক্ষেপে যান। এ ঘটনার জন্য প্রতিবেশী খলিল ফকিরকে দোষারোপ করতে থাকেন তিনি। এতে খলিল ফকিরও ক্ষিপ্ত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এ সময় গ্রামের প্রবীণ রহিম মোল্লা তাঁদের শান্ত করতে মাঝখানে এসে দাঁড়ান। এদিকে দুই পক্ষ বিবাদের একপর্যায়ে রহিম মোল্লাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। অন্য প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, খবর পেয়ে রহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় এক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে বিবাদে জড়ানো দুই ব্যক্তি পলাতক। তাঁদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে রহিমের পরিবার থেকে বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে তাঁরা মামলা করবে বলে জানিয়েছেন। মামলাটি দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।