সুনামগঞ্জ শহরে তরুণকে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৫) নিহত হওয়ার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সদর মডেল থানায় মামলাটি করেন নিহত ব্যক্তির বাবা কাওসার আহমেদ। শহরের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার বিকেলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাইফুল ইসলাম পৌর শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা ও কিং এন্টারপ্রাইজ নামের দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন আগে সাইফুলের কাছে থেকে ৪২০ টাকা ধার নিয়েছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের রেজওয়ান আহমদ (২৫)। তাঁরা দুজন পরস্পরের বন্ধু। গতকাল বিকেলে টাকা ফেরত দেওয়ার কথা ছিল তাঁর।

এজাহারের বর্ণনা অনুযায়ী, গতকাল বিকেলে রেজওয়ান ও তাঁর ভাই রোহান আহমদ (২৩) ওই দোকানে যান। এ সময় সাইফুল টাকা চাইলে রেজওয়ান টাকা দিতে অস্বীকার করেন। তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা সাইফুলের ওপর হামলা চালান। তখন ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফুলকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ রাতেই রেজওয়ান ও রোহানকে আটক করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।