সুনামগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করছেন সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। শনিবার দুপুরে
প্রথম আলো

সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। আজ শনিবার দুপুরে এই তরল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। এখন থেকে জেলা সদর হাসপাতালে করোনায় আক্রান্ত এবং অন্যান্য রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন সেবা পাবেন। এর আগে রোগীদের সিলিন্ডারে অক্সিজেন দেওয়া হতো।

সরকারের একটি প্রকল্পের মাধ্যমে ইউনিসেফ এই অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সদর হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) মো. আনিসুর রহমান, জেলা সিভিল সার্জন মো. শামস উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ আশরাফুল হক, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের একটি প্রকল্পের মাধ্যমে ইউনিসেফ এই অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট না থাকায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলার ব্যবস্থা ছিল না। এই সেবার জন্য সুনামগঞ্জের রোগীদের যেতে হতো সিলেটে। এ জন্য জেলা সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট ও আইসিইউ চালুর দাবি ছিল মানুষের।

বিষয়টি নিয়ে সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় সংসদে একাধিকবার কথা বলেছেন জানিয়ে বলেন, এখন জেলা সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। একই সঙ্গে ১০ শয্যার আইসিইউ স্থাপনের অবকাঠামো নির্মাণের কাজও শেষ। এখন প্রয়োজনীয় লোকবল হলেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা যাবে। লোকবলের বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। আশা করছেন, সুনামগঞ্জের মানুষের জন্য আইসিইউ সেবাও শিগগিরই চালু হবে।