সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে বৃহস্পতিবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলাকে অবিলম্বে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)।

বন্যার কারণে এ জেলার মানুষের চরম দুর্ভোগের মধ্যে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সুনামগঞ্জের বন্যা অতীতের যেকোনো সময়ের বন্যাকে হার মানিয়েছে। সেখানকার মানুষজন ভয়াবহ সংকটে আছেন। খাবার নেই। আশ্রয় নেই। নিরন্ন মানুষের মাথা গোঁজার স্থানও পানির নিচে।

বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ শেষে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মিনারের সামনে দলটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রুহিন হোসেন।

বন্যাকবলিত এলাকা ঘুরে দেখছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)
ছবি: সংগৃহীত

সিপিবির জেলা সভাপতি এনাম আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে রুহিন হোসেন বলেন, পর্যাপ্ত ত্রাণ নেই। রোগাক্রান্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা নেই। অথচ এত বড় দুর্যোগের মধ্যেও সরকার পদ্মা সেতু উদ্বোধনের আলোঝলমলে কর্মসূচি বহাল রাখছে।
এই সময়ে এমন উৎসব পরিকল্পনা বানভাসি মানুষদের উপেক্ষা করা ছাড়া কিছু নয় উল্লেখ করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, এসবের মধ্য দিয়ে উন্নয়নের ফাঁপা বুলি প্রকাশিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন রুহিন হোসেন। এ বিষয়ে তিনি বলেন, বানভাসি মানুষের খাদ্যসহায়তা, পুনর্বাসন, নগদ অর্থসহায়তা এবং কৃষকদের সব ধরনের ঋণের কিস্তি স্থগিত ও সুদ মওকুফ করতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাস ওরফে খোকন, সিপিবির সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জালাল সুমন, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার। এর আগে সদর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তাঁরা।