সুনামগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড
সুনামগঞ্জের চলতি নদে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে তিনজনকে ১০ দিনের কারাদণ্ড এবং ২ জনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে চলতি নদে সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদিয়া সুলতানা সদর উপজেলার নদীতীরের সদরগড় গ্রামের বাসিন্দা আকবর আলী (৩৬), নুরুজ্জামান (২৯) ও ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কচুয়া গ্রামের আতাউর মোস্তফাকে (৩৫) ১০ দিন করে কারাদণ্ড দেন। এ ছাড়া পৌর শহরের তেঘরিয়া এলাকার জুনেল আহমদ (৪২) ও সদরগড় গ্রামের সাত্তার মিয়াকে (৪০) এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।
চলতি নদের ধোপাজান বালুমহালটি তিন বছর ধরে ইজারা না হলেও সেখানে অবাধে বালু-পাথর উত্তোলন চলছে। নদের সদর উপজেলার সদরগড় থেকে সীমান্তের ডলুরা পর্যন্ত বিভিন্ন স্থানে খননযন্ত্র ও বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন চলে। কিন্তু প্রশাসন থেকে এসব বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
প্রথম আলোয় ‘সুনামগঞ্জের চলতি নদ: অবাধে বালু-পাথর উত্তোলন’ শিরোনামে বৃহস্পতিবার একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নদে অভিযান পরিচালিত হয় বলে জানান ভূমি কার্যালয়ের কর্মকর্তারা।
চলতি নদে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ এবং এর সঙ্গে যুক্ত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনামগঞ্জের বালু-পাথর ব্যবসায়ীরা গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন।
কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘সুনামগঞ্জের চলতি নদের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা অংশে ধোপাজান বালুমহালটির অবস্থান। জেলা প্রশাসন থেকে এটি ইজারা দেওয়া হয়। কিন্তু মামলাসংক্রান্ত জটিলতায় তিন বছর ধরে মহালটি ইজারা দেওয়া হচ্ছে না। এতে সুনামগঞ্জের ব্যবসায়ীরা বাধ্য হয়ে দূরদূরান্ত থেকে ইজারাকৃত বিভিন্ন মহাল থেকে বালু ও পাথর সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করছেন। এতে আমাদের পরিবহন ব্যয় বেশি পড়ছে। কিন্তু ধোপাজান বালুমহালটি ইজারা না হলেও একটি মহল সেখান থেকে নানাভাবে বালু উত্তোলন করছে।
চক্রটি প্রথমে খননযন্ত্র ও বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন করে নদে বড় বড় নৌকা, বাল্কহেড বা নদীতীরে স্তূপ করে রাখে। যেহেতু এসব বালু-পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়, এ জন্য সেগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারাই প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এসব বালু-পাথর নিলাম দেওয়ার ব্যবস্থা করে।
নিলামে এই চক্রের লোকজনই অংশ নিয়ে সেগুলো কিনে নেয়। এরপর নিলামের কাগজ নিয়ে সেগুলো পরিবহন করা হয়। এ সুযোগে নিলামে কেনা বালু-পাথরের চেয়ে কয়েক গুণ বেশি বালু-পাথর নদ থেকে উত্তোলন করে নেওয়া হয়। আবার নিলামকৃত বালু-পাথর পরিবহনের জন্য সময় বেঁধে দিলেও সেটা কোনো কাজে আসে না। এভাবে প্রশাসনের অবৈধ বালু-পাথর জব্দ ও নিলাম নাটকে প্রতিদিন চলতি নদ থেকে শত শত নৌকা, বাল্কহেড ও কার্গোতে করে লাখ লাখ ঘনফুট বালু লুট হচ্ছে।’