সুনামগঞ্জে অসহায় বানভাসি মানুষের সহায়তায় ‘ঘরে ফেরা কর্মসূচি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কারে একটি পরিবারের হাতে নির্মাণসামগ্রী তুলে দিচ্ছেন হাওর ও পরিবশে উন্নয়ন সংস্থার সদস্যরা। ছবি মঙ্গলবার বিকেলে উপজেলার উজান তাহিরপুর গ্রামে তোলা
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে এখনো বানভাসি অনেক মানুষ আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আছে। কারও বাড়িঘর থেকে পানি নেমেছে, আবার কারও নামেনি। কেউ কেউ পানি নামলেও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না। শ্রমজীবী, দরিদ্র এসব মানুষের ঘর সংস্কার বা নির্মাণের সামর্থ্য নেই। এ অবস্থায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন। ‘ঘরে ফেরা কর্মসূচি’ নাম দিয়ে সংগঠনটি মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের ২০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, চারটি করে বাঁশ এবং ২০ ফুট করে কাঠ দিয়েছে। সংগঠনটি ৫০০ পরিবারকে এ সহায়তা দেবে বলে জানিয়েছে।

তাহিরপুর উপজেলার বাসিন্দা হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা জানান, বন্যার্ত মানুষকে সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ দেওয়া হচ্ছে। এখন পানি কমছে। মানুষ বাড়িঘরে ফিরতে চায়। কিন্তু অনেকের বাড়িঘর ভেঙে গেছে। দরিদ্র এসব মানুষ ঘর সংস্কার করতে না পারায় ফিরতে পারছে না। এ অবস্থায় ঘর সংস্কার জরুরি। তাই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তাঁরা।

কাসমির রেজা বলেন, ‘সুনামগঞ্জে এবারের ভয়াবহ বন্যায় অন্তত ২০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এসব মানুষ অসহায়। তাদের পুনর্বাসনের উদ্যোগ জরুরি। সরকার নিশ্চয়ই উদ্যোগ নেবে। আমরা এর আগে ত্রাণ দিয়েছি। গবাদিপশুর খাদ্য বিতরণ করেছি। এখন সীমিত পরিসরে হলেও “ঘরে ফেরা কর্মসূচি” নিয়ে মানুষকে নির্মাণসামগ্রী দিচ্ছি।’

ঘর সংস্কারের নির্মাণসামগ্রী পেয়ে উপজেলার উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা শ্রমিক একলাম হোসেন (৪৫) জানান, বন্যার পানিতে ঘরের দুই দিকের বেড়া ভেঙে গেছে। পানি নামলেও তাই আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে পারছেন না। ঘরের কাজ করবেন, হাতে সেই টাকাও নেই। এখন এসব পেয়ে ঘরটি সংস্কার করে দু-এক দিনের মধ্যে ঘরে ফিরবেন বলে জানান তিনি।

এসব নির্মাণসামগ্রী বিতরণকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন। পীযূষ পুরকায়স্থ জানান, তাঁদের এই কর্মসূচিতে গুলশান ক্লাব, বুয়েট ৮৮তম ব্যাচ, আনন্দ নিকেতন স্কুলের ২২তম ব্যাচের সদস্যরা সহযোগিতা করেছেন।

সুনামগঞ্জে ১৬ জুন থেকে ভয়াবহ বন্যা দেখা দেয়। জেলার প্রতিটি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়ে। অসংখ্য বাড়িঘর, অফিস-আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যায়। সুনামগঞ্জ টানা চার দিন সারা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। এ সময়ে মুঠোফোনের নেটওয়ার্ক ছিল বন্ধ। সুনামগঞ্জ পৌর শহরে চার থেকে সাত ফুট পানি হয়। হাজার হাজার মানুষ আশ্রয় নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আত্মীয়স্বজনের বাড়িঘরে। এরপর ২০ জুন থেকে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। মানুষের বাড়িঘর, রাস্তাঘাট থেকে পানি নামছে। তবে এখনো অনেক আশ্রয়কেন্দ্রে মানুষ আছে, অনেকেই ফিরেছে। আবার যাদের বাড়িঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ফিরতে পারছে না।