সুনামগঞ্জে ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আজ বুধবার সকালে সিকন্দর আলী (৪০) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের আবদুর রউফের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার সাচনাবাজার-রামনগর সড়কের শরিফপুর এলাকায় একটি হাওরের পাড়ে সকালে সিকন্দর আলীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। তাঁর মাথা, মুখ ও গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পাশেই পড়ে ছিল তাঁর ইজিবাইকটি। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সড়ক ধরেই সাচনাবাজার থেকে হরিপুর যেতে হয়। যে স্থানে সিকন্দর আলীকে হত্যা করা হয়েছে, সেটি নির্জন এলাকা।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, গতকাল রাতে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে দুর্বৃত্তরা সিকন্দর আলীকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা করছে।