সুনামগঞ্জে করোনা শনাক্ত ৭০০ ছাড়াল

সুনামগঞ্জে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৭০০ ছাড়াল। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন সংক্রমিত ১২ জনসহ জেলায় এখন কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৭১১। এর মধ্যে মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ১৪৫ জন। জেলায় কোভিড–১৯–এ মোট সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ১৭৭ জন, ছাতকে ১৯১, দোয়ারাবাজারে ৬২, দক্ষিণ সুনামগঞ্জে ৬১, তাহিরপুরে ২৪, বিশ্বম্ভরপুরে ২৫, জগন্নাথপুরে ৫৫, শাল্লায় ২৫, ধর্মপাশায় ১৮, জামালগঞ্জে ৫৫ ও দিরাই উপজেলায় ১৮ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে এখন নমুনা পরীক্ষা বাড়ার পাশাপাশি সংক্রমিতের সংখ্যাও বাড়ছে। করোনা সংক্রমিতদের অনেকেরই তেমন কোনো উপসর্গ নেই। এর মধ্যে যাঁদের হাসপাতালের করোনো আইসোলেশন ওয়ার্ডে আনা দরকার, তাঁদের এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।