সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের পাশে শেখ হাসিনা মেডিকেলের শিক্ষক–শিক্ষার্থীরা
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলার শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার দিনভর তাঁরা সুনামগঞ্জের শাল্লা উপজেলার পাঁচটি গ্রামের মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। পাশাপাশি শাল্লা ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৩০০ বন্যার্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করেছেন খাদ্যসামগ্রী।
শাল্লা উপজেলা সদরের শাল্লা সরকারি কলেজ প্রাঙ্গণে গতকাল এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেন শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলার ডোমরা, তাজপুর, নুরপুর, মুক্তারপুর ও মান্নানপুরের মানুষ এই সেবা পায়।
স্বাস্থ্যসেবা প্রদান ও খাদ্যসামগ্রী বিতরণের সময় হবিগঞ্জ জেলার শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ সুনির্মল রায়, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক কান্তি প্রিয় দাস, সহকারী অধ্যাপক সুপার্থ ভট্টাচার্য, শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুস শাহিদসহ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সুপার্থ ভট্টাচার্য বলেন, বন্যায় সুনামগঞ্জ ও সিলেটের বহু মানুষ বিপাকে পড়েছে। নানাভাবে মানুষ সংকটে আছে। কারও চিকিৎসা, কারও খাবার প্রয়োজন। এই মুহূর্তে যাঁর যাঁর অবস্থান থেকে বন্যার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। এই চিন্তা থেকেই তাঁরা সিলেট অঞ্চলের বন্যার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।