সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ, পুলিশের বাধা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি প্রদান ও তাঁর মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার এই বিক্ষোভের আয়োজন করা হয়। তবে পুলিশের বাধার কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শহরের আলফাত স্কয়ারে যেতে চাইলে পুলিশ কামারখাল এলাকায় বাধা দেয়। মিছিল শুরুর কয়েক মিনিট পরই পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখান থেকে ফিরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পথসভা করেন তাঁরা।
এখানে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ এলাহী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব তারেক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর সুচিকিৎসার প্রয়োজন। তাঁকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। কিন্তু সরকার তাঁকে বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না। যদি খালেদ জিয়ার কোনো কিছু হয়, তাহলে এর দায় সরকারকে নিতে হবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা মিছিলটি শুরু করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ বাধা দেয়। পরে বাধ্য হয়ে কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়েছে।’