সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ। রোববার দুপুরে পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে রোববার বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের জেলা শাখার নেতা–কর্মীরা। তবে পুলিশের বাধার কারণে কর্মসূচি সংক্ষেপ করতে হয় তাঁদের।

সংগঠনের নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাঈফ মাহমুদ ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা।

মিছিলটি শহরের আলফাত স্কয়ারে যেতে চাইলে পুলিশ কামারখাল এলাকায় বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন তাঁরা। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব মো. তারেক মিয়া।

পথসভায় সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে বলেই বিএনপি ও ছাত্রদলকে ভয় পায়। তাই যেকোনোভাবে ক্ষমতায় থাকতে দমন-পীড়ন চালাচ্ছে তারা। ছাত্রদলের নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।