সুনামগঞ্জে ছোট ভাই খুন, বড় ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের বল্লমের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম পারভেজ মিয়া (৩৮)। এ ঘটনায় পারভেজ মিয়ার বড় ভাই সমুজ মিয়াকে (৬০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে দুই ভাই সমুজ মিয়া ও পারভেজ মিয়ার মধ্যে কয়েক দিন থেকে ঝগড়া-বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির সময় সমুজ মিয়ার বল্লমের আঘাতে পারভেজ মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সমুজ মিয়াকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় সমুজ মিয়ার বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সমুজ মিয়াকে আটক করা হয়েছে।