সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে ডোবায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম খসরু মিয়া (৪৫)। তিনি ওই গ্রামের আলতাব আলীর ছেলে। আজ রোববার ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে ওই গ্রাম থেকেই পুলিশ দুজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি ডোবায় মাছ ধরা নিয়ে খসরু মিয়া ও তাঁর চাচাতো ভাই মজু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল রাতে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খসরু মিয়াসহ ১২-১৩ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রাতেই খসরু মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, মাছ ধরা নিয়ে এ ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও ১২–১৩ জন আহত হয়েছেন। নিহতের লাশ হাসপাতালে আছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।