সুনামগঞ্জে ত্রাণ না পাওয়ার কষ্ট, নিত্যপণ্যের দামও চড়া

বন্যার উন্নতি হলেও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনো উদ্যোগ এখনো শুরু হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে তাঁবু টানিয়ে বানভাসি মানুষের আশ্রয়। গতকাল সুনামগঞ্জ সদরের জনিগাঁও এলাকায়
আনিস মাহমুদ

সুনামগঞ্জে বন্যার পানি কমছে। তবে এখনো অনেক এলাকায় পানি আছে, মানুষ আছেন আশ্রয়কেন্দ্রে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই ফিরতে পারছেন না। এ অবস্থায় পুনর্বাসনের কোনো উদ্যোগ এখনো শুরু হয়নি। ত্রাণ বিতরণে রয়েছে সমন্বয়ের অভাব। আবার প্রত্যন্ত গ্রামের মানুষ ত্রাণ পাচ্ছে কম।

অন্যদিকে বন্যাদুর্গত সুনামগঞ্জের মানুষ বাজার পরিস্থিতি নিয়ে আছেন বেকায়দায়। বন্যার উন্নতি হলেও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। বাজার তদারকি ও নিয়ন্ত্রণে নেই কোনো উদ্যোগ।

‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, ‘ত্রাণকাজে শৃঙ্খলা দেখছি না। সমন্বয়ের অভাব আছে। যে যেভাবে পারে আসছে, দিচ্ছে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ যাচ্ছে কম। সবাই সুবিধাজনক স্থানে ত্রাণ দিতে চায়।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সভাপতি প্রবীণ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী বলেন, এখন যেটা দরকার সেটা হলো পুনর্বাসন। এ নিয়ে কোনো উদ্যোগ চোখে পড়েনি। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি প্রশাসনের উচিত এখন পুনর্বাসনে মনোযোগী হওয়া।

মাথাপিছু বরাদ্দ আড়াই কেজি চাল, ৪১ টাকা

সরকারি হিসাবে, সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে চার লাখ মানুষ। তবে সচেতন মানুষজন বলছেন, বন্যায় সুনামগঞ্জের ৯৫ ভাগ মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। এ পর্যন্ত জেলায় সরকারিভাবে ত্রাণ বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার ১৫৬ মেট্রিক টন চাল, ১ কোটি ৮৫ লাখ টাকা, ১৯ হাজার খাবারের প্যাকেট, সাড়ে ১৪ কেজি ওজনের শুকনা খাবারের বস্তা ২৩ হাজার। ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় এই বরাদ্দ খুবই কম।

সাড়ে চার লাখ ক্ষতিগ্রস্ত মানুষ ধরেই হিসাব করে দেখা গেছে, এই বরাদ্দে একজন মানুষ পাবেন মাত্র আড়াই কেজি চাল ও ৪১ টাকা। সুজনের জেলা সভাপতি হোসেন তওফিক চৌধুরী এ প্রসঙ্গে বলেন, সুনামগঞ্জে এখন উচ্চ, মধ্য কিংবা নিম্ন বলে আলাদা কোনো বিত্ত নেই। বন্যা সবাইকে এক বিত্তে দাঁড় করিয়েছে। সবাই ক্ষতিগ্রস্ত। এই যে ত্রাণের পরিমাণ, এটাতেই সংকটের বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আহসানমারা সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে সড়কের পাশে অস্থায়ী খুপরি তুলে এখনো ১৫-২০টি পরিবার বসবাস করছে। বাড়িঘরে পানি থাকায় তারা ফিরতে পারছে না। এরা সবাই দেখার হাওরপাড়ের কাইক্কারপাড় গ্রামের বাসিন্দা। ওয়াছির আলী (৫৫) নামের এক ব্যক্তি জানান, এখানে ৫০ থেকে ৬০টি পরিবার ছিল। তারা ১৪ দিন ধরে আছে।

এর মধ্যে দুই দিন কিছু চিড়া-মুড়ি পেয়েছেন। আর আজ (সোমবার) স্থানীয় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, কিছু আলু, এক কেজি লবণ দিয়ে গেছেন। এই ১৪ দিন ত্রাণ বলতে তাঁরা এটুকুই পেয়েছেন। তবে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ত্রাণের কোনো সংকট নেই বলে দাবি করেছেন।

বাজারে নেই তদারকি

২৫ টাকা কেজির আলু এখন সুনামগঞ্জের মানুষ কিনছেন ৩০ থেকে ৪০ টাকায়। দুই দিন আগে বিক্রি হয়েছে ৫০ টাকার বেশি। ডালের কেজি যেখানে ১২০ টাকা ছিল, এখন তা ১৪০ টাকা। আর চাল জাতভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। শুধু এই তিন পণ্য নয়, বন্যা পরিস্থিতিতে সব পণ্যেরই দাম বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আর চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি মিলছেই না।

ক্রেতারা বলছেন, মানুষ যখন বন্যা পরিস্থিতিতে দিশাহারা, তখন ব্যবসায়ীদের একটি অংশ বানভাসি মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। বেশি দামে পণ্য বিক্রির বিষয়টি স্বীকার করেন সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া।

জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বন্যার কারণে প্রথম দিকে আমরাও বের হতে পারিনি। বন্যায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এখন তাঁদের সচেতন করছি। এতে কাজ না হলে আইন প্রয়োগ করব।’

পুনর্বাসন উদ্যোগ জরুরি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মণিপুরিহাটি গ্রামে গিয়ে দেখা গেছে, ১২০টি ঘরের সব কটিই বন্যার পানিতে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩২টি ঘর একেবারে ভেঙে গেছে। এসব পরিবারের মানুষজন এখন গৃহহীন। থাকছেন আশ্রয়কেন্দ্র কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে। গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন (৭০) বলেন, ‘একবেলা খাইলে দুই বেলা উপোস থাকি। খানি নাই, থাকার জায়গা নাই। ঘর বানাইমু কিলা? সরকারি সাহায্য না পাইলে সবাইরে নিয়া পথে নামতে অইব।’

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি কলেজে আশ্রয় নেওয়া সুলতানপুর গ্রামের জসিম উদ্দিন (৪৫) বলেন, ‘ঘরের বেড়া ধসে গেছে। সংস্কার না করলে ঘরে যাওয়া যাবে না। টাকাপয়সা নাই। কীভাবে কাজ করব?’ শুধু ইসমাইল হোসেন, জসিম উদ্দিন নন, জেলার অসংখ্য পরিবার বন্যায় গৃহহীন হয়েছে।

তাহিরপুর উপজেলায় প্রাথমিকভাবে পাঁচ হাজার, বিশ্বম্ভরপুরে চার হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এখনো ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির হিসাব পায়নি জেলা প্রশাসন। এখনো জেলার ৩০০ আশ্রয়কেন্দ্রে ৫০ হাজার মানুষ আছেন।

সিলেটে পানি নামছে ধীরে

সিলেট পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানিয়েছেন, তিন‌টি নদীর পা‌নি তিন‌টি পয়েন্টে বিপৎসীমার নিচে নেমেছে। এ ছাড়া কমছে নদ-নদীর পা‌নিও। তবে ধীরগ‌তিতে। সিলেটের পা‌নি সুনামগঞ্জ অঞ্চল দিয়ে নামায় একটু ধীরে নামছে।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পা‌নি কমে আসায় মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে নিজ বা‌ড়িতে ফিরতে শুরু করেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। গতকাল পর্যন্ত সিলেট জেলায় ৫৩০টি আশ্রয়কেন্দ্রে ৪৫ হাজার ৭৯৬ জন অবস্থান কর‌ছিলেন।