সুনামগঞ্জে দর্শকদের মুগ্ধ করল ‘প্রতিপক্ষ’
সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার তাদের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মলয় ভৌমিকের লেখা নাটক ‘প্রতিপক্ষ’ মঞ্চস্থ করেছে। গতকাল শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই নাটক মঞ্চস্থ হয়।
নাটকটির নির্দেশনা দিয়েছেন সনজিত কুমার দে। প্রসেনিয়াম থিয়েটারের সপ্তম প্রযোজনা ৪৫ মিনিটের এই নাটকে সংগঠনের ১৪ সদস্যের প্রাণবন্ত অভিনয় সবাইকে মুগ্ধ করে। নাটকে অভিনয় করেছেন শুভ্র, রুবেল, দেবপ্রিয়া, মেহেদী, মাহফুজ, রাজীব, নদী, আফতর, স্বপ্না, রত্না, মুতালিব, উজ্জ্বল, অন্তর, ফাহিম, পড়শী প্রমুখ।
নাটক মঞ্চায়ন শেষে প্রসেনিয়ামের অষ্টাদশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অভিনয় ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পলিন বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শামছুল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সিলেট নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সুনামগঞ্জের নাট্যব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য ও শাহ আবু নাসের, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সাংবাদিক শামস শামীম প্রমুখ।