সুনামগঞ্জে দোকানে ঢুকে কর্মচারীকে ছুরিকাঘাত করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ছুরিকাঘাতে নিহত সাইফুল ইসলাম
ছবি:সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় দোকানে ঢুকে এক কর্মচারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন কয়েকজন তরুণ। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মারা যাওয়া দোকান কর্মচারীর নাম সাইফুল ইসলাম (২৫)। তিনি সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার কাওসার আহমদের ছেলে।

ওই দোকানের মালিক লুৎফুর রহমান জায়গীরদার বলেন, আজ বিকেলে দোকানে তাঁর কর্মচারী সাইফুল ইসলাম বসা ছিলেন। একপর্যায়ে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের কয়েকজন তরুণ সেখানে আসেন। সাইফুলের কাছে ওই তিন তরুণের মধ্যে একজন কিছু টাকা পেতেন। ওই টাকা চাইলে সাইফুলের সঙ্গে ওই তরুণদের তর্কাতর্কি হয়। এ নিয়ে একপর্যায়ে তাঁরা সাইফুলের ওপর হামলা চালান। সাইফুল তখন দৌড়ে দোকানের ভেতরে প্রবেশ করলে দোকানে ঢুকে তাঁরা তাঁকে ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয় লোকজন সাইফুলকে সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় লুৎফুর রহমান দোকানে ছিলেন না।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ছুরিকাঘাতে সাইফুলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। সাইফুলের লাশ সদর হাসপাতালে আছে।

সাইফুলকে হত্যার অভিযোগে রেজওয়ান আহমদ (২৫) ও তাঁর ভাই রুহান আহমদকে (২৩) আটক করেছে পুলিশ। তাঁরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের নুরুল হোসাইনের ছেলে।