সুনামগঞ্জে নতুন বই পায়নি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী
কর্মসূচির ৯ দিন পেরিয়ে গেলেও জেলায় শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জে বিনা মূল্যে নতুন বই বিতরণ কর্মসূচির ৯ দিন পেরিয়ে গেলেও অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা এখনো নতুন বই পায়নি। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আংশিক বই বুঝে পেয়েছে। এমনকি ষষ্ঠ শ্রেণির শতভাগ শিক্ষার্থীদের হাতে এখনো ওঠেনি নতুন বই।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এবার নতুন বইয়ের চাহিদা হচ্ছে ৩২ লাখ ২৬ হাজার ৬১৭টি। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত পাওয়া গেছে ১০ লাখ ৭২ হাজার ৬৩টি। এরপর আরও কিছু বই এসেছে। সেগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, বছরের প্রথম দিন সরকারের বিনা মূল্যে বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। করোনার কারণে এবার হয়নি কোনো উৎসব। কর্মসূচির ৯ দিন পেরিয়ে গেলেও জেলায় মাধ্যমিক পর্যায়ে শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কিছু বই বিতরণ করা হয়েছে। এই দুই শ্রেণিতে ১৪টি করে বই পাওয়ার কথা। কয়েকটি বিদ্যালয়ে অর্ধেক কিংবা একটি করে বই পেয়েছে শিক্ষার্থীরা।
পৌর শহরের এইচএমপি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লাস শুরু হয়ে গেলেও তারা চাহিদা মোতাবেক বই পায়নি। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুজয় দেব বলে, সে নতুন বই পায়নি। প্রতিবেশী এক শিক্ষার্থীর কাছ থেকে পুরোনো বই সংগ্রহ করেছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস বলেন, যেসব শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি, সেসব শ্রেণিতে শিক্ষকেরা নতুন বই ছাড়াই পুরোনো সিলেবাস ধরে পড়াচ্ছেন।
সদর উপজেলার মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. উস্তার আলী জানান, তাঁদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা একটি করে এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ১৪টির মধ্যে ৭টি করে বই পেয়েছে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা এখনো কোনো বই পায়নি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পর্যায়ক্রমে বই আসছে এবং তাঁরা সেগুলো বিতরণ করছেন। সুনামগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সব বই পেতে আরও সপ্তাহখানেক সময় লাগবে।