সুনামগঞ্জে নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদে পাথরবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকেরা হলেন তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের তৌহিদুল ইসলাম (২০) ও সানজব মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পাথরবোঝাই বড় নৌকাটি গতকাল রোববার রাতে বৌলাই নদের দক্ষিণকুল গ্রামের ঘাটে নোঙর করেন দুই শ্রমিক তৌহিদুল ও সানজব। পরে নৌকার ভেতরেই ঘুমিয়ে পড়েন তাঁরা। আজ শেষরাতের দিকে বৃষ্টি হলে পাথরবোঝাই নৌকাটি ডুবে যায়। এতে নৌকার ভেতরেই দুজনের মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন নৌকার ভেতর থেকে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সকাল আটটার দিকে লাশ দুটি নিহত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।